রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
প্রকাশিত: ২০/০৯/২০২৬ ০৭:৫০:১৮ অপরাহ্ন
ছবি: ।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সৌজন্য সাক্ষাত এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু অর্থায়ন, কৃষি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের পাশাপাশি আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে উচ্চপর্যায়ের যোগাযোগের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দুই দেশের বাণিজ্য বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং ও যন্ত্রপাতিসহ অন্যান্য খাতে বাণিজ্য বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে কানাডায় বসবাসরত এক লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর অবদানের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার অব্যাহত সহায়তার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
জবাবে কানাডার হাইকমিশনার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনে কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের প্রসঙ্গ তুলে ধরে জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কানাডার সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, কৃষি খাতে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা কাঠামো তৈরির সম্ভাবনার কথা তুলে ধরেন কানাডার হাইকমিশনার। বৈঠকে জ্বালানি সহযোগিতা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
বৈঠক শেষে উভয় পক্ষ জানায়, বাংলাদেশ-কানাডা সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে।
জাতীয়/তা/২