প্রকাশিত

০৫/১০/২০২৬ ০৬:৫৩:৪০ অপরাহ্ন

রাজনীতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ইনুর ৩০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৬:৫৩:৪০ অপরাহ্ন

ছবি: ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ৩০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রসিকিউশন।

আজ সোমবার (৫ অক্টোবর) প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বিষয়টি নিশ্চিত করে জানান, ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে হাসানুল হক ইনুকে ১০ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে বলপ্রয়োগে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে ইনুর বিরুদ্ধে।

এ ছাড়া ১৪ দলীয় জোট সরকারের অংশীদার হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে আন্দোলন দমনে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনা, প্ররোচনা, উসকানি ও সহায়তার অভিযোগ আনা হয়।

মামলার অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই নিজ জেলা কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা তৈরি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ইনু। এরপর কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় ছয়জন নিহত হন বলে প্রসিকিউশনের অভিযোগ।

নিহতদের মধ্যে ছিলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও মো. উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ।

এ ছাড়া আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, কারফিউ বহাল, আন্দোলনকারীদের গ্রেপ্তার ও নির্যাতনের মতো পদক্ষেপে ষড়যন্ত্র, পরিকল্পনা, সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগও আনা হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ১৪ দলীয় জোটের বিভিন্ন সভায় উপস্থিত থেকেও আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নেন ইনু। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের মধ্যে আদালত যে তিনটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন, প্রসিকিউশন সেই সাজা পর্যাপ্ত নয় দাবি করে এখন মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে।

মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

এখন প্রসিকিউশনের আপিলের ওপর উচ্চতর আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ার অপেক্ষা রয়েছে।


KN