সড়ক সংস্কারের পরও কমেনি ভাড়া: জকিগঞ্জ–ঈদগাহ বাজার রুটে ৫ কিমিতে ৩০ টাকা আদায়,যাত্রীদের তীব্র ক্ষোভ
প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০৯:৩৫:০৩ অপরাহ্ন
জকিগঞ্জ উপজেলা সদর থেকে ঈদগাহ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কপথে সিএনজিচালিত অটোরিকশার জনপ্রতি ৩০ টাকা ভাড়া আদায় নিয়ে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। একসময় সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী থাকায় চালকরা এই ভাড়া নিতেন। কিন্তু সড়কের সংস্কারকাজ সম্পন্ন হয়ে যান চলাচলের উপযোগী হওয়ার পরও ভাড়া না কমানোয় দীর্ঘদিন ধরে চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
ভাড়া নিয়ে প্রায়ই যাত্রী ও চালকদের মধ্যে বাগ্বিতণ্ডা হচ্ছে, এমনকি কোথাও কোথাও হাতাহাতির ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় দ্রুত ভাড়া পুনর্নির্ধারণ না করা হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলা সদর থেকে ঈদগাহ বাজারের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। সড়ক সংস্কারের আগে দুর্ভোগের কথা বিবেচনা করে যাত্রীরা ৩০ টাকা ভাড়া মেনে নিতেন। তবে সড়ক ভালো হওয়ার পরও সেই একই ভাড়া বহাল রাখা হয়েছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত কোনো ভাড়ার তালিকা না থাকায় চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। কম ভাড়া দিতে চাইলে অনেক ক্ষেত্রে গাড়িতে উঠতে দেওয়া হয় না এবং দুর্ব্যবহারের শিকার হতে হয় যাত্রীদের।
ভাড়ার অসামঞ্জস্যতা তুলে ধরে স্থানীয়রা জানান, জকিগঞ্জ থেকে আটগ্রাম স্টেশনের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার, অথচ ওই রুটেও জনপ্রতি ভাড়া ৩০ টাকা। অন্যদিকে মাত্র ৫ কিলোমিটার দূরের ঈদগাহ বাজার রুটেও সমপরিমাণ ভাড়া নেওয়া হচ্ছে। অর্থাৎ তিনগুণ দূরত্বের যাত্রায় একই ভাড়া আদায় করা হলেও স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য কোনো ছাড় নেই। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, কর্মজীবী মানুষ ও নিম্নআয়ের যাত্রীরা।
এবিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন,এ বিষটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমরা সিএনজি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটা সুন্দর সমাধানে পৌছার চেষ্টা করব। দুর্নীতি প্রতিরোধ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলম লস্কর বলেন,এ বিষয়টা আসলে খুবই দুঃখজনক। সমাজে দুর্নীতি এবং বৈষম্য দূর করার জন্য আমরা নিরলস ভাবে কাজ করছি।খুব শীঘ্রই সিএনজি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুন্দর সমাধানে পৌছার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এবিষয়ে ৭০৭ জকিগঞ্জ সিএনজি শাখার সভাপতি জুনেদ আহমদ বলেন,আমরা রাস্তা সংস্কারের পর ২০ টাকা করার উদ্যোগ নিয়েছিলাম,কিন্তু দুঃখজনক হলেও সত্য তখনই গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় ভাড়া কমাতে পারিনি। তবে পুরো রাস্তা সংস্কারের কাজ কম্পিট হলে আমরা ভাড়া কমানোর উদ্যোগ নেব ইনশাআল্লাহ।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনিক নজরদারি ও কার্যকর উদ্যোগের অভাবে ভাড়া নিয়ে এই অসন্তোষ ক্রমেই বাড়ছে। বিভিন্ন স্ট্যান্ডে ভাড়া নিয়ে প্রতিদিন যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, তা যেকোনো সময় বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ এই রুটে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে স্থানীয় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাধারণ মানুষের স্বস্তি, যাত্রী-চালক সম্পর্কের সৌহার্দ্য এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জকিগঞ্জ–ঈদগাহ বাজার রুটের ভাড়া পুনর্নির্ধারণ এখন সময়ের দাবি।
কেএন



