প্রকাশিত

২৬/১০/২০২৬ ০১:৫৩:৪৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

কোম্পানীঞ্জে পুকুরের মাছ ধরার জের ধরে এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০১:৫৩:৪৭ অপরাহ্ন

 কোম্পানীঞ্জে পুকুরের মাছ ধরার জের ধরে এক যুবকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ধূপড়িরপাড় গ্রামে পুকুরের মাছ ধরা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন ধূপড়িরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে। এই ঘটনায় জাহাঙ্গীর আলম নামের আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার অভিযোগে পুলিশ জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুর থেকে মাছ ধরার জন্য মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন আক্তার হোসেন ও জাহাঙ্গীর আলম। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আবদুল হালিম সেখানে গিয়ে তাদের মাছ ধরতে নিষেধ করেন এবং বাধা দেন। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উপস্থিত বাড়ির মহিলারা পরিস্থিতি শান্ত করতে আক্তার ও জাহাঙ্গীরকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হন।

অভিযোগ রয়েছে, বাড়ি ফেরার পথে ধূপড়িরপাড় বাজার এলাকার কাছাকাছি পৌঁছালে আবদুল হালিমের ছেলেসহ ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আক্তার হোসেন ও জাহাঙ্গীর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আক্তারকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অভিযোগে জুয়েল আহমদ নামের একজনকে আটক করেছে। এই বিষয়ে মামলার প্রস্তুতিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্ত অব্যাহত রয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে এই বর্বরোচিত হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

কে ইউ এন