সিলেটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি
প্রকাশিত: ২৭/১০/২০২৬ ০৬:২৯:০০ অপরাহ্ন
ছবি: আহমেদ রুম্মান।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে এক বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এই বৃহৎ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই পুরো সিলেট নগরী মিছিলের নগরীতে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী দিনের সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এবং জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
সমাবেশে অংশ নিতে সিলেট জেলার অধীনস্থ ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা এবং মহানগরীর ৪২টি ওয়ার্ড ও ৬টি থানার বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী দুপুরের পর থেকেই সভাস্থলে জড়ো হতে থাকেন। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে এবং খণ্ড খণ্ড মিছিল সহকারে সমাবেশস্থলে আসেন। সমাবেশস্থলে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এবং জনগণের ভোটাধিকার ও অধিকার রক্ষায় যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
সমাবেশ শেষে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে যুবদলের এক সুবিশাল ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ তোরণসমূহ প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত এই র্যালিতে যুবদলের বিপুল নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজপথে এক অভূতপূর্ব শোডাউনের সৃষ্টি করে।
যুবদলের জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেকোনো অপশক্তির বিরুদ্ধে রাজপথে সিলেট যুবদল সর্বদা ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও সক্রিয় ভূমিকা পালন করবে।
কেএন