শিশুসহ আহত ৪
জকিগঞ্জে সম্পত্তি লিখে না দেওয়ায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন!
প্রকাশিত: ২৬/১০/২০২৬ ০৫:৫৯:৫২ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে সম্পত্তি নিজের নামে সম্পত্তি লিখে দেওয়া ও মাদক ক্রয়ের টাকার দাবিতে ছেলের বর্বরোচিত হামলায় গুরুতর আহত পিয়ারা বেগম (৬৩) নামের এক মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আড়াই বছরের এক শিশুকন্যাসহ পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এর আগে শনিবার রাতে জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় প্রধান অভিযুক্ত ছেলে সুমন আহমদকে (৩২) বসতঘর থেকে গ্রেফতার করে পুলিশ। রোববার তাকে জকিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকারের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিহত পিয়ারা বেগম পঙ্গবট গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত সুমন আহমদ ও মামলার অপর আসামি শামীম আহমদ (৪৭) তারা দুই ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সুমন পরিবারের কাছে নিয়মিত টাকা দাবি করে আসছিল। পাশাপাশি পৈতৃক জায়গা-সম্পত্তি ও বসতভিটা তার একক নামে লিখে দেওয়ার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করে।এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সুমন তার সৎমা কুটিনা বেগমকে (৪৫) সুপারিগাছের ‘রুইল’ দিয়ে আঘাত করেন, যাতে কুটিনা বেগমের চোখে মারাত্মক জখম হয়। এরপর নিহতের বড় ছেলে শাহীন আহমদের ঘরে সৎমা কুটিনা বেগমকে নিরাপদে সরিয়ে রাখেন পিয়ারা বেগম।
পরদিন শনিবার রাত আনুমানিক ১১টার দিকে সুমন আবারও বাড়িতে এসে টাকা দাবি করেন এবং সম্পত্তি লিখে দিতে চাপ দেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি সুপারিগাছের রুইল দিয়ে পরিবারের ওপর উপুর্যুপরি হামলা চালান।এতে গুরুতর আহত হন— মা পিয়ারা বেগম (৬৩) সৎমা কুটিনা বেগম (৪৫) ভাই শাহীন আহমদ (৩৮) ভাইয়ের স্ত্রী শাহানা বেগম (৩২) ভাইয়ের মেয়ে ইসরাত জাহান (আড়াই বছর)।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে পিয়ারা বেগমের মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের বড় ছেলে শাহীন আহমদ বাদী হয়ে অভিযুক্ত সুমন আহমদ ও তার ভাই শামীম আহমদকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বাদী শাহীন আহমদ জানান, হামলায় তার স্ত্রী শাহানা বেগম ও আড়াই বছরের মেয়ে ইসরাত জাহানের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া সৎমা কুটিনা বেগমের চোখের আঘাত এবং তার নিজের জখমও গুরুতর। মা হারানো এই পরিবার ও স্থানীয় এলাকাবাসী প্রধান অভিযুক্ত সুমনের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানিয়েছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ছেলের হামলায় আহত পিয়ারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুমন আহমদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। নিহতের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় নতুন করে হত্যার ধারা (দণ্ডবিধি) সংযোজন করা হবে। সুমনের বিরুদ্ধে থানায় আরও একাধিক মামলা রয়েছে।”
কেএন