প্রকাশিত

১০/১১/২০২৬ ০৯:০৫:৪৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

দিরাইয়ে নিজ ঘরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০/১১/২০২৬ ০৯:০৫:৪৮ অপরাহ্ন

দিরাইয়ে নিজ ঘরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের দিরাইয়ে তন্নি দাস (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কলেজছাত্রীর চান্দপুর গ্রামের সজল দাসের মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তন্নি দাস বাড়িতে ঠাকুরের পূজা করেন। এর কিছুক্ষণ পর বসতঘরের দরজা বন্ধ দেখতে পান তাঁর মা। ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকান তিনি। এ সময় ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তন্নিকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন।

পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজিয়া মানালুল ইসলাম।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 

কেএন