জকিগঞ্জে চৌমুহনীতে অবৈধভাবে মাংস বিক্রির প্রতিবাদে ও লাইসেন্স বাতিলের দাবিতে ব্যবসায়ীদের অবস্থান ধর্মঘট
প্রকাশিত: ০৯/১১/২০২৬ ০৩:৫৬:০৮ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ বাজারের চৌমুহনী এলাকায় নির্ধারিত শেড বা নির্দিষ্ট স্থান অমান্য করে প্রকাশ্যে মাংস বিক্রির প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের দাবিতে উপজেলা পরিষদে অবস্থান ধর্মঘট পালন করেছেন বাজারের ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটি।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে এম এ হক চত্বরে একটি সংক্ষিপ্ত পথসভা শেষে বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।

অবস্থান ধর্মঘট কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, এর আগে বাজার পরিচালনা কমিটি, ব্যবসায়ী এবং প্রশাসনের যৌথ সিদ্ধান্তে নির্ধারিত মাংসের শেডেই কেবল মাংস বিক্রির নিয়ম নির্ধারিত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে কতিপয় অসাধু ব্যবসায়ী জকিগঞ্জ বাজারের চৌমুহনী এলাকায় প্রকাশ্য ও অবৈধভাবে মাংস বিক্রি করে আসছেন। বিষয়টি বারবার স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে নানা টালবাহানা করা হচ্ছে এবং এ বিষয়ে জোরালো আইনি পদক্ষেপ না নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং বাধ্য হয়েই ব্যবসায়ীরা আজ উপজেলা চত্বরে এসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
এ সময় আন্দোলনরত ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে অবৈধ মাংস বিক্রেতাদের লাইসেন্স বাতিল, নির্দিষ্ট শেডে মাংস বিক্রি নিশ্চিতকরণ এবং প্রশাসনের অবহেলার বিরুদ্ধে ন্যায়বিচার দাবি করেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউএনও মহোদয়ের আশ্বাসের ভিত্তিতে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবস্থান ধর্মঘট প্রত্যাহার করা হয়।
কেএন