অসুস্থত আরিফুল হক চৌধুরী খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল
প্রকাশিত: ১০/১১/২০২৬ ০৪:৩৫:০০ অপরাহ্ন
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) রাত ১০টায় তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে রাজধানীর সরকারি বাসভবনে যান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সিলেট অঞ্চলের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর।
আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী শামীম আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা এর সহ-সভাপতি (সিলেট) তোফায়েল খান, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক (এফবিসিসিআই)-এর পরিচালক মো. হিজকিল গুলজার প্রমুখ।
প্রতিনিধিদলের নেতৃবৃন্দ সাক্ষাৎকালে চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসাসেবা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তাঁরা মন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তাঁর আশু রোগমুক্তির জন্য সিলেটবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শন এবং একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন তিনি। কর্মসূচি শেষে অন্য একটি অনুষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি (ঝিমঝিম ভাব) অনুভব করলে তাঁকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন; তবে তাকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।-বিজ্ঞপ্তি
কেএন