সিলেটে বিএনপির সমাবেশে শেখ হাসিনার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০৮:২৫:০০ অপরাহ্ন
শেখ হাসিনা বিভিন্ন জনকে শোনাচ্ছেন তিনি অমুক ডিসেম্বর, তমুক ডিসেম্বর বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসতে আপনার ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? এখনো তো ১৬ ডিসেম্বর হতে ২২-২৫ দিন বাকি। আজকেই আসেন না, অথবা কালকেই আসেন। বাংলাদেশের মানুষ তো আপনার অপেক্ষায় আছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নগরীর রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "শেখ হাসিনা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। স্বাভাবিক কথার ছলে কীভাবে মিথ্যা বলা যায় এবং মিথ্যাকে কীভাবে স্বাভাবিক মুখের বুলি বানানো যায়, এর ওপর পৃথিবীতে কোনো পিএইচডি থাকলে তিনি তা পেতেন—এ নিয়ে কোনো সন্দেহ নেই।"
তিনি অতীতের প্রসঙ্গ টেনে বলেন, "তিনি প্রথম বাংলাদেশে এসে বলেছিলেন ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। অথচ আজ ৮০ বছর বয়সেও তিনি আবার বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপার পাঁয়তারা করছেন। তিনি বলেছিলেন বিরোধী দলে গেলে আওয়ামী লীগ কখনো হরতাল করবে না। এরপর তারা কী করেছে, তা আপনাদের সবারই মনে আছে।"
বিচারব্যবস্থা ও আইনের শাসনের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, "বাংলাদেশের মানুষের রক্তক্ষয়ী আন্দোলনের ফলে দেশে বিচারব্যবস্থা ও আইনের শাসন ফিরে এসেছে। সেই আইনি শাসনের অধীনে নিরপেক্ষ বিচারের মাধ্যমে জনগণের ওপর অত্যাচারী এই খুনির কাঙ্ক্ষিত শাস্তি হয়েছে। এটি তো মাত্র একটি মামলার রায়, এমন আরও শত শত বা হাজারো মামলা অপেক্ষমাণ রয়েছে। সুতরাং শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের মানুষ তাকে কীভাবে 'আদর-আপ্যায়ন' করবে, তার তরিকা ইতিমধ্যে স্থির হয়ে গেছে।"
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল মালিক এমপি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
কেএন



