প্রকাশিত

০৭/১২/২০২৫ ০৩:৫৩:২১ অপরাহ্ন

সিলেট জুড়ে

সাত বছরের বিদ্যুৎ বিল বকেয়া: সংযোগ বিচ্ছিন্নের নোটিশ হাসপাতালকে

প্রকাশিত: ০৭/১২/২০২৫ ০৩:৫৩:২১ অপরাহ্ন

ছবি: ।

একটি হাসপাতাল মানেই মানুষের আস্থা সংকটের সময়ে শেষ আশ্রয়। সেই আশ্রয়ের আলোই এবার নিভে যাওয়ার শঙ্কায় সুনামগঞ্জের প্রায় ৩০ লাখ মানুষ। বিদ্যুৎ বিলের দীর্ঘদিনের বকেয়া পরিশোধ না করায় সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালকে সংযোগ বিচ্ছিন্নের চূড়ান্ত নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। জেলার প্রায় ৩০ লাখ মানুষের চিকিৎসা নির্ভর এই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে জরুরি চিকিৎসা, অপারেশন থিয়েটার, আইসিইউ ইউনিট, ল্যাব পরিষেবা সবই মারাত্মকভাবে ঝুঁকিতে পড়বে।

২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা সাত বছরে হাসপাতালের মোট ছয়টি অ্যাকাউন্টে বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে ৪৫ লাখ ৬২ হাজার ২৭২ টাকা। বারবার তাগাদা ও নোটিশ পাঠানোর পরও বিল পরিশোধ না করায় বাধ্য হয়ে এ পদক্ষেপ নিতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের ছয়টি সংযোগের দুইটি এইচটি (উচ্চক্ষমতা) লাইনের মাধ্যমে পরিচালিত হয় হাসপাতালে প্রধান কার্যক্রম জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ ও ল্যাব। বাকি চারটি সংযোগ পোস্ট-পেইড সময়ের বকেয়া হিসেবে রয়েছে।
হাসপাতালকে জানানো হয়েছে, ৮ ডিসেম্বরের মধ্যেই সব বকেয়া পরিশোধ করতে হবে, নইলে ৯ ডিসেম্বর থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া। আমরা বারবার নোটিশ দিয়েছি তত্ত্বাবধায়ককে জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে সময় বেঁধে দিয়েছি। বকেয়া পরিশোধ না হলে ৯ ডিসেম্বর সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া উপায় নেই।

অন্যদিকে হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আমি যোগ দেওয়ার আগেই কিছু বকেয়া ছিল। এপ্রিল মাসেরও কিছু বিল আছে। চেষ্টা করেছি পরিশোধের। হিসাব বিভাগ টাকা দিলে আমরা বিল পরিশোধ করবো।

সংযোগ বিচ্ছিন্নের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, দুই পক্ষই সরকারি প্রতিষ্ঠান। আমরা বিলের টাকা চেয়েছি। বরাদ্দ পেলেই সঙ্গে সঙ্গে বিল দেবো।


শুভ প্রতিদিন/এমকে