প্রকাশিত

০৪/১১/২০২৫ ০৭:৩৫:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল থেকে তিন নেতা-কর্মী আটক

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ০৭:৩৫:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল থেকে তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল এবং শাবিপ্রবির সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল ও শান্ত তালুকদার।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার বিকেলে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনের ঘটনায় ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমনসহ নেতাকর্মীদের গণগ্রেফতার এবং ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ শেষে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকেরা। এতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। পুলিশ জানায়, ওই আন্দোলনে সংগঠক হিসেবে বাসদ ও সিপিবির নেতাদের সম্পৃক্ততা রয়েছে।


শুভ প্রতিদিন/এমকে