প্রকাশিত

০৭/০১/২০২৬ ০২:৫৭:৫৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

শীতে কাপঁছে শ্রীমঙ্গল

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০২:৫৭:৫৭ অপরাহ্ন

ছবি: ।

প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। শ্রীমঙ্গল উপজেলা আবহাওয়া অফিসের তথ্যানুসারে তাপমাত্রার পারদ উঠানামা করছে ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় ছিন্নমূল ও দরিদ্র মানুষের দুর্ভোগের মধ্যে পড়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ৮দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল এই মৌসুমে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা।
চা বাগান ও হাওর এলকায় সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। সকাল পর্যন্ত কুয়াশার ঢেকে থাকে রাস্তা-ঘাট। গত এক সপ্তাহে সূর্যের দেখা মিলেছে খুবই কম। মিললেও স্বল্প সময় পর আবারও কুয়াশায় মিলিয়ে যাচ্ছে।
শহরের ভানুগাছ রোড ও রেল ষ্টেশন এলাকা ঘুরে ছিন্নমূল দরিদ্র মানুষদের দুভোর্গ-দুর্দশার মধ্যে থাকতে দেখা গেছে।
উপজেলার শ্যামলী আবাসিক এলাকার রূহুল আমিন বলেন, ‘ঠান্ডায় সকাল ১০টা-১১টার আগে ঘর থেকে বের হওয়ার উপায় থাকে না।’
ইজিবাইক চালক শমসের মিয়া বলেন, ‘কনকনে বাতাসে গাড়ি চালাতে কষ্ট সহ্য করতে হয়। দুপুর গড়িয়ে গেলেও রাস্তায় যাত্রী পাওয়া যাচ্ছে কম।’
শ্রীমঙ্গল উপজেলা ২৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া শারমিন জানান, গত কয়েকদিনে ঠান্ডাজনিত রোগে আউটডোরে প্রতিদিন রোগীদের ভিড় বাড়ছে, যাদের বেশীরভাগই শিশু ও বয়স্ক রোগী।
ঠান্ডা জনিত রোগের চিকিৎসায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন বেশকিছু স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন সীমিতভাবে অসহায় গরীব ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘আরও শীত বস্ত্রের জন্য চাহিদাপত্র জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে।’

শুভ প্রতিদিন/এমকে