প্রকাশিত

০৮/১১/২০২৬ ০৬:২৯:২১ অপরাহ্ন

সিলেট জুড়ে

দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ০৬:২৯:২১ অপরাহ্ন

দিরাইয়ে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে দিরাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিরণ্ময় রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।

প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব সরকার বলেন, সমবায় শুধু একটি দিবস পালনের বিষয় নয়, এটি একটি আন্দোলন। ক্ষুদ্র সঞ্চয় ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব। ১০-২০ জন সমমনা মানুষ তাঁদের সামান্য সঞ্চয় একত্রিত করতে পারলে তা বৃহৎ উদ্যোগে রূপ নিতে পারে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব।

তিনি দিরাই উপজেলায় সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সমবায় সংগঠনগুলোর ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপ মজুমদার, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক ছাত্রদল নেতা রুদ্রমিজান, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সমবায়ী প্রশান্ত সাগর।

বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করে তুলতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক সহযোগিতা, সঞ্চয়ের অভ্যাস ও ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

দিবসটি উপলক্ষে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমবায়ীদের মধ্যে প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
 

কেএন