মৌলভীবাজারে নির্বাচনে ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করবে বিজিবি
প্রকাশিত: ১৪/০১/২০২৬ ০৬:৫৯:০০ অপরাহ্ন
ছবি: ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এসব প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
বিজিবির উত্তর-পূর্ব রিজিনের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। আধুনিক প্রযুক্তির সহায়তায় মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটারসহ মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বাধীন এলাকা ১ হাজার ২০৪ কিলোমিটার। এই অঞ্চলে চারটি সেক্টরের অধীনে ১৩টি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালন করবে।
বিজিবি জানায়, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের সদস্যরা ১৭ জেলার ৫৬ উপজেলার ৯২টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। ভোটকেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে রেকি কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট ও বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।
এ সময় আরও জানানো হয়, নির্বাচনকালীন সময়ে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে। দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের নির্বাচন-পূর্ব প্রশিক্ষণও চলমান রয়েছে।
শুভ প্রতিদিন/এমকে