প্রকাশিত

০৪/০২/২০২৬ ০২:৪২:২৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সিলেটে পবিত্র শবে বরাত পালিত

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ০২:৪২:২৩ অপরাহ্ন

ছবি: ।

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে পবিত্র ‘লায়লাতুল বরাত’ বা শবে বরাত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর থেকে মুসলিম উম্মাহ এ পবিত্র রজনী পালন শুরু করেন, যা সূর্যোদয়ের আগ পর্যন্ত চলে।

প্রতিবছরের মতো এবারও শবে বরাত উপলক্ষে সিলেটের দুই আউলিয়ার মাজার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজারে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নগরীর দরগাহ গেইট ও খাদিমনগর এলাকায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হতে থাকেন। কেউ নফল নামাজ আদায় করেন, কেউ মাজার জিয়ারত করেন, আবার কেউ কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন।

সরেজমিনে মঙ্গলবার দিবাগত রাতে মাজার এলাকায় গিয়ে দেখা যায়, প্রবেশপথের প্রতিটি গেইটে মুসল্লিদের উপস্থিতি। একদিক দিয়ে মুসল্লিরা প্রবেশ করছেন, অন্যদিক দিয়ে বেরিয়ে যাচ্ছেন। অনেকে মাজার মসজিদে ইবাদত করছেন, কেউ মাজারসংলগ্ন কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন। মাজার প্রাঙ্গণে ধর্মীয় আবহের পাশাপাশি মানুষের স্বতঃস্ফূর্ত আনাগোনা লক্ষ্য করা যায়।

জানা গেছে, শবে বরাত উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সিলেটের এই দুই আউলিয়ার মাজারে আসেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনেকেই এক মাজার থেকে আরেক মাজারে গিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন।

শবে বরাতকে কেন্দ্র করে মাজারের বাইরের দোকানগুলোতে টুপি, আতর, আগরবাতি, মোমবাতি, গোলাপজল, তাসবীহসহ নানা ধর্মীয় সামগ্রীর পসরা বসে। একই সঙ্গে মাজারের প্রবেশপথে সারিবদ্ধভাবে বসে থাকা ভিক্ষুকদের উপস্থিতিও চোখে পড়ে। বিভিন্ন জেলা থেকে আসা ভিক্ষুকরা অধিক দানের আশায় এখানে ভিড় জমান। মাজার জিয়ারতে আসা মানুষজনও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দান করেন।

মাজারের পাশাপাশি সিলেট নগরীর মসজিদগুলোতেও মুসল্লিদের ভিড় দেখা যায়। সন্ধ্যার পর থেকেই মুসল্লিরা মসজিদে গিয়ে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ায় মগ্ন থাকেন। অনেকেই কবরস্থানে গিয়ে আপনজনদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন।


শুভ প্রতিদিন/এমকে