নরসিংদীর কিশোরী অপহরণ; সিলেট থেকে উদ্ধার কিশোরি, গ্রেপ্তার ২
প্রকাশিত: ০৬/১১/২০২৫ ০৬:২৯:৪০ অপরাহ্ন
ছবি: ।
নরসিংদীর রায়পুরা থেকে অপহরণ করা এক কিশোরীকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার সংলগ্ন তৈমুর নগর এলাকায় র্যাব-৯ এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— নরসিংদী জেলার রায়পুরা থানার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা মো. কাজল মিয়ার ছেলে রহমত উল্লাহ খন্দকার (২১) ও একই এলাকার ইকো মিয়ার ছেলে মো. কাজল মিয়া (৪৫)।
র্যাব জানায়, রায়পুরা উপজেলার একটি মর্নিংসান কিন্ডার গার্ডেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে গত ৫ নভেম্বর সকালে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ফুসলিয়ে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করেন। র্যাবের গোয়েন্দা তৎপরতায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে