ঝটিকা মিছিল দিয়ে দেশত্যাগের সময় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪
প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৭:৩৭:৪০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটে ঝটিকা মিছিল দিয়ে দেশ ত্যাগের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একজন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকা থেকে আরও তিনজকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার সকালে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা একটি দায়ের করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ঝটিকা মিছিল করে সন্ধায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত নগরীর সুবিদবাজার, গোটাটিকর, পনিটুলা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আহমেদ (৫২), ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯) এবং ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক (২৪)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট ভয়েসকে বলেন, ‘শুক্রবার সকালে ঝটিকা মিছিল করে দেশত্যাগের চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তাছাড়া বিভিন্ন মামলার প্রেক্ষিতে পৃথক অভিযান চালিয়ে আরও তিনজকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’
শুভ প্রতিদিন/এমকে