প্রকাশিত

০৯/১১/২০২৫ ০৪:৪৯:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে বেড়েছে ভোটার, কমেছে কক্ষ

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৪:৪৯:০০ অপরাহ্ন

ছবি: শুভ প্রতিদিন ০৯-১১-২০২৫ ইং।

  • মোট ভোটার ২৮ লাখ ৪৫ হাজার ৩৭৯ জন
  • ভোটার বেড়েছে এক লাখ ৩০ হাজার,
  • সিলেট-১ আসনেই সবচেয়ে বেশি ভোটার

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটে ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখেরও বেশি। তবে এবার ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে। জেলা নির্বাচন কার্যালয়ের তালিকা অনুযায়ী, সিলেট জেলার ৬টি আসনে মোট ১ হাজার ১৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবকটি কেন্দ্রই স্থায়ী। এসব কেন্দ্রে মোট ৫ হাজার ৬০৫টি ভোটকক্ষ থাকবে। খসড়া তালিকা অনুযায়ী, সিলেটে বর্তমানে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৪৫ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬২ হাজার ৪৭৭জন, মহিলা ভোটার ১৩ লাখ ৮২ হাজার ৮৮৭জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৫ জন। গত নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে মোট ভোটার ছিল ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন। তখন ভোটকেন্দ্র ছিল ১ হাজার ১৩টি, আর ভোটকক্ষের সংখ্যা ছিল ৬ হাজার ৬টি।
সিলেট সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার ছয়টি ১ হাজার ১৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সিলেট-১ আসনে ৩৬টি সিটি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নে ২১৫টি ভোটকেন্দ্র রয়েছে, যেখানে ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ২৫৭টি। সিলেট-২ আসনে ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১২৮টি এবং ভোটকক্ষ ৭০৫টি। সিলেট-৩ আসনে ৬টি সিটি কর্পোরেশন ওয়ার্ড ও ১৯টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১৫১টি এবং ভোটকক্ষ ৮৩৯টি। সিলেট-৪ আসনে ২৫টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১৭০টি ও ভোটকক্ষ ৯৮০টি। সিলেট-৫ আসনে ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১৫৮টি ও ভোটকক্ষ ৮৭৯টি। আর সিলেট-৬ আসনে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১৯২টি এবং ভোটকক্ষ ৯৪৬টি নির্ধারণ করা হয়েছে। এদিকে খসড়া ভোটার তালিকা অনুযায়ী, সিলেট-১ আসনে ভোটার ৬ লাখ ৭৪ হাজার ১৭১ জন, সিলেট২ আসনে ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন, সিলেট৩ আসনে ৪ লাখ ৪ হাজার ৩৫২ জন, সিলেট-৪ আসনে ৫ লাখ ২৬ হাজার ৫২ জন, সিলেট-৫ আসনে ৪ লাখ ৯ হাজার ৯৫৬ জন এবং সিলেট-৬ আসনে ৪ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। ভোটারের সংখ্যা বিবেচনায় সিলেট-১ আসনেই সবচেয়ে বেশি ভোটার ৬ লাখ ৭৪ হাজার ১৭১ জন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কমিশনের নীতিমালা অনুসারেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতবারের মতো এবারও ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে। তিনি আরও জানান, নির্বাচনের তফশিল ঘোষণার পর প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হবে এবং নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্তও তখনই নেওয়া হবে।


শুভ প্রতিদিন/এমকে