প্রকাশিত

০৯/১১/২০২৫ ০৪:৫৮:০২ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে প্রবাসীর স্ত্রী হত্যা, র‍্যাবের জালে মামলার আসামি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০৪:৫৮:০২ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের জালালাবাদ সম্প্রতি নোয়াগাঁও এলাকার ওমান প্রবাসীর স্ত্রী মোছা. হালিমা বেগম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুনেদ আহমদ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে মৃত হারিছ আলীর ছেলে এবং নোয়াগাঁও এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, নিহত হালিমা বেগম তার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে শ্বশুরবাড়ির সদস্যদের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হতেন। পারিবারিক কলহের পাশাপাশি স্বামীর ভাই আলী হোসেন ও প্রতিবেশী বাবুল মিয়া তাকে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে।
গত ৫ নভেম্বর রাত ৯টার দিকে হালিমার মেয়ে লোকমুখে জানতে পারেন যে তার মায়ের মৃতদেহ বাড়ির উত্তর-পশ্চিম পাশে পড়ে আছে। গলায় ওড়না পেঁচানো ও দুটি গিট বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের মেয়ে সন্দেহ করেন, তার চাচা ও চাচিরা পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে দেয়। এ ঘটনায় তিনি জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে র‌্যাব-৯ বিষয়টি ছায়া তদন্তে নেয় এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর রাতে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে অভিযুক্ত জুনেদ আহমদকে গ্রেপ্তার করে।
র‍্যাব–৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এসএমপি সিলেটের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে