প্রকাশিত

১০/১১/২০২৫ ১২:০৭:১৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

ঐতিহ্যের মিশেলে টেস্ট ট্রফি উন্মোচন

প্রকাশিত: ১০/১১/২০২৫ ১২:০৭:১৪ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে ঐতিহ্যের ছোঁয়ায় বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের ট্রফি উন্মোচনের জন্য বিসিবি বেছে নিয়েছে সিলেটের ঐতিহ্যের কেন্দ্রবিন্দু- ব্রিটিশ আমলে নির্মিত কিন ব্রিজের পাদদেশে অবস্থিত আলী আমজাদের ঘড়িঘরের সামনের স্থানটি। সুরমা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা সিলেটের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। গতকাল রোববার (৯ নভেম্বর) দুপুরে এই ঐতিহাসিক স্থানেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সিরিজের ট্রফি। অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডি বালবার্নি যৌথভাবে ট্রফি উন্মোচন করেন। এরপর তারা ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ ক্রীড়া কর্মকর্তারা।
এর আগে বিসিবি সিলেটের চা-বাগানেরমনোরম পরিবেশে ট্রফি উন্মোচন করেছিল। এবার সেই ধারাবাহিকতায় তারা বেছে নিয়েছে সিলেটের ঐতিহ্যের প্রতীক আলী আমজাদের ঘড়িঘরের সামনের স্থানটি, যা শুধু একটি ঐতিহাসিক নিদর্শনই নয় বরং সিলেটের সংস্কৃতি, ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতিচ্ছবি। ক্রীড়াপ্রেমীরা বলছেন, সিলেটের ঐতিহাসিক স্থাপনার পটভূমিতে এমন আয়োজন ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সেতুবন্ধন তৈরি করেছে। আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। এরপর ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে, যেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। উল্লেখ্য, ১৮৭৪ সালে সিলেটের কুলাউড়ার পৃথিমপাশার জমিদার আলী আহমদ খান তাঁর পুত্র আলী আমজদের নামে এই ঘড়িঘরটি নির্মাণ করেন।


শুভ প্রতিদিন/এমকে