প্রকাশিত

১০/১১/২০২৫ ০৫:২২:৫৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৫:২২:৫৯ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গ্রেপ্তার নারী হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকার নানু মিয়ার মেয়ে রিয়া আক্তার (২০)। রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯। সোমবার (১০ নভেম্বর) র‍্যাব-৯ জানায়, সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হবিগঞ্জ সদর এলাকা থেকে একজন নারী মাদক ব্যবসায়ী বিরতিহীন এক্সপ্রেস বাসে করে সিলেট শহরে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে আসছেন। এরপর র‍্যাব সদস্যরা লালাবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করেন। কিছুক্ষণ পর বাসটি পৌঁছালে এক যাত্রী পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে ওই নারীর কাছ থেকে খাকি রঙের স্কচটেপ মোড়ানো ট্রলি ব্যাগে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়া আক্তার স্বীকার করেন যে, তিনি হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, র‍্যাব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


শুভ প্রতিদিন/এমকে