ছবি: ফতেপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
#তৃণমূল স্বাস্থ্যব্যবস্থায় ভয়াবহ জনবল সংকট সিলেটের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ভয়াবহ জনবল সংকট দেখা দিয়েছে। জেলার ২৫টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর একাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় অনেক স্থানে কার্যত ‘একজন’ কর্মীকেই পুরো স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট জেলায় ইউনিয়ন পর্যায়ে মোট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে ৯৪টি। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ২৫টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এবং পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে ৬৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় সরকার পরিচালিত কমিউনিটি ক্লিনিক রয়েছে ২৭৬টি।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২৫টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের ২৫টি পদের মধ্যে ১১টি শূন্য রয়েছে। একইভাবে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ২৫টির মধ্যে ১৪টি এবং ফার্মাসিস্টের ২৫টির মধ্যে ২৪টিই খালি। এর বাইরে মিডওয়াইফ ও অফিস সহায়ক পদেও রয়েছে উল্লেখযোগ্য সংকট।
অন্যদিকে পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে পরিচালিত ৬৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক পদ নেই। সেখানে স্যাকমো ও পরিবার কল্যাণ পরিদর্শিকার মাধ্যমে সেবা দেওয়ার কথা থাকলেও এখানেও জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলা পরিবার পরিকল্পনা অফিসের তথ্যমতে, স্যাকমোর ৬৪টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১৯ জন, অর্থাৎ ৪৫টি পদই শূন্য। একইভাবে এফডব্লিউবির ১১৩টি পদের বিপরীতে কর্মরত আছেন ৭৪ জন।
জনবল সংকটের বাস্তব চিত্র সবচেয়ে বেশি স্পষ্ট হচ্ছে মাঠপর্যায়ে। অনেক স্বাস্থ্যকেন্দ্রে একজন কর্মীকেই একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। সদর উপজেলার খাদিমানগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউবি রণজিতা রানী বলেন, “মার যোগদানের পর নয় মাস হয়ে গেছে, এখনো স্যাকমো পদে কেউ আসেননি। আয়া থেকে শুরু করে সব কাজ আমাকে করতে হয়।”
দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রেও একই চিত্র। সেখানে ফার্মাসিস্ট আয়মন বিশ্বাসকেই প্রায় একাই সব দায়িত্ব সামলাতে হচ্ছে। তিনি বলেন, অনেকেই শুধু ওষুধ নিতে আসে। ওষুধ না থাকলে কেন্দ্র প্রায় ফাঁকাই থাকে। একজন মেডিকেল অফিসার আছেন, তবে তিনি উপজেলা হাসপাতালে রোগী দেখেন। ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও জনবল সংকট রয়েছে। সিলেট জেলায় সরকার পরিচালিত ২৭৬টি কমিউনিটি ক্লিনিকের প্রতিটিতে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার দায়িত্ব পালন করার কথা। তবে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৭৬টি পদের মধ্যে ২৫৮ জন কর্মরত আছেন, বাকি ১৮টি পদ শূন্য।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেশি থাকায় সব সাবসেন্টারে চিকিৎসক দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে সাবসেন্টারের চিকিৎসকদের সপ্তাহে এক-দুই দিন সেখানে গিয়ে বাকি সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে হচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষকে ছোটখাটো চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে যেতে না হয়, সেজন্য ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব সাবসেন্টার চালু করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে জনবল সংকট থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. নিয়াজুর রহমান বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পর্যায়ের স্থাপনাগুলোতে সাধারণত মেডিকেল অফিসার থাকে না। স্যাকমো ও এফডব্লিউবির মাধ্যমে সেবা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই জনবল সংকট কাটছে না।
শুভ প্রতিদিন/এমকে