অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
মালিতে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০৪:৫৭:১১ অপরাহ্ন
ছবি: ।
আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘জেএনআইএম’-এর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে মার্কিন ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে দ্বিমত রয়েছে। তবে হোয়াইট হাউসের কাউন্টারটেররিজম বিভাগের সিনিয়র ডিরেক্টর সেবাস্তিয়ান গোরকাসহ কয়েকজন কর্মকর্তা সরাসরি অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন। সামরিক হামলার পরিকল্পনার বিষয়টি মার্কিন প্রশাসন সরাসরি স্বীকার বা অস্বীকার করেনি। তবে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র আফ্রিকান দেশগুলোকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে মার্কিন অস্ত্র কেনার পরামর্শ দিচ্ছে এবং ন্যাটো মিত্রদের আঞ্চলিক বাহিনীকে সাহায্য করার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি, মালির নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় রাশিয়ার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। তারা জানায়, সন্ত্রাস দমনে রাশিয়া একটি অকার্যকর অংশীদার হিসেবে প্রমাণিত হয়েছে। এই বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করতে রাজি না হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা মালির সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেএনআইএম-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।
এইচ বি বা