প্রকাশিত

১৩/১১/২০২৫ ০৩:৫৮:৩৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

সুনামগঞ্জে ভূয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটি টাকার প্রতারণা, র‌্যাবের অভিযানে আটক ৬

প্রকাশিত: ১৩/১১/২০২৫ ০৩:৫৮:৩৬ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জে ভুয়া ব্যাবসা প্রতিষ্ঠান খুলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে ৬ জনকে আটক করেছে র‌্যাব।
সোমবার (১১ নভেম্বর) রাতে র‌্যাব-৯ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীবর্দীপুর ঘোষপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের আটক করা হয়।
আটকরা হলেন– কিশোরগঞ্জ সদর উপজেলার বাসুরদিয়ার গ্রামের রফিকুল ইসলাম সোহেল (৩৯), তার স্ত্রী নারগিস আক্তার (৩৪), নিকলি উপজেলার নাগার ছিহাটি গ্রামের শাহানা পারভীন (৪৩), কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই গ্রামের মশিউর রহমান ওরফে মাসুক (৩০), কিশোরগঞ্জ সদর উপজেলার শফিউর রহমান (২৬) ও তার স্ত্রী রিনা আক্তার (২০)।
র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েক মাস আগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সুনামগঞ্জ শহরে ভাড়া বাসায় উঠে মেসার্স আব্দুল্লাহ বানিজ্যালয় নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠান খোলে। তারা পেঁয়াজ, রসুন ও আলু ব্যাবসার আড়ালে প্রতারণা চালায়। প্রথমদিকে স্থানীয় বাজারদরের চেয়ে কম দামে পণ্য বিক্রি করে ব্যবসায়ীদের আস্থা অর্জন করে। পরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বড় চালানের অর্ডারের নামে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকার বেশি হাতিয়ে নেয়। এরপর টাকা গ্রহণের কয়েক ঘণ্টা পর প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে চক্রটি সুনামগঞ্জ থেকে পালিয়ে যায়। পরে এক ব্যবসায়ী বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় প্রতারণার মামলা করেন।
ঘটনার পর র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্প তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তদন্ত শুরু করে। পরে র‌্যাব-৯ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ছয়জনকে আটক করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, এর আগেও বিভিন্ন জেলায় একই কায়দায় প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে। আটকদের পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

শুভ প্রতিদিন/এমকে