প্রকাশিত

০৬/০৮/২০২৬ ০৫:৪৩:৪৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

সাজাপ্রাপ্ত মাদক আসামিকে ধরল কুলাউড়া থানা পুলিশ

১ কিলোমিটার কাদা-পানি পেরিয়ে পলাতক সাজাপ্রাপ্ত মাদক আসামিকে ধরল কুলাউড়া থানা পুলিশ

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৫:৪৩:৪৭ অপরাহ্ন

ছবি: ।

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মাদক মামলার দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে প্রায় এক কিলোমিটার কাদাময় জমি ও পানিভর্তি ছড়া পেরিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।


পুলিশ জানায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্নার সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীমের নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম ও এএসআই মো. মিরাজুল ইসলামসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথিমপাশা এলাকায় অভিযান চালায়।


অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরাও তার পিছু নেন। প্রায় এক কিলোমিটার কাদাময় জমি ও পানিভর্তি শুকনাছড়া নদী অতিক্রম করে ধাওয়া শেষে তাকে আটক করা হয়।


গ্রেফতার হওয়া মো. মফিক আলী (৩৮) উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে। তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।


কুলাউড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এইচ বি বা