প্রকাশিত

০৯/০৮/২০২৬ ০৯:৫২:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে রেজিস্ট্রেশনবিহীন মোটরযান বিক্রি, দুই শোরুমকে ১৬ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৯:৫২:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় রেজিস্ট্রেশনবিহীন মোটরযান বিক্রির অভিযোগে দুটি মোটরসাইকেল শোরুমকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করে প্রতিষ্ঠান দুটিকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) সিলেট নগরীর দুটি মোটরসাইকেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু।

অভিযানে রেজিস্ট্রেশন সম্পন্ন না করে মোটরসাইকেল হস্তান্তরের সরকারি নির্দেশনা অমান্য করায় নিলয় মোটরস ও প্রিমিয়াম মোটরসের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। পরে প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ সদর কার্যালয় ও সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কোনো বিক্রেতা বা ডিলার মোটরসাইকেল কিংবা থ্রি-হুইলার ক্রেতার কাছে হস্তান্তরের আগে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক।

ভ্রাম্যমাণ আদালত থেকে মোটরসাইকেল বিক্রেতা ও ডিলারদের হস্তান্তরের আগে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জনসাধারণের নিরাপদ সড়ক চলাচল এবং আইনানুগভাবে মোটরযান ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে