জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের ফলাফল প্রত্যাখ্যান
ইউএনও ও সমাজসেবা অফিসে তালা, চরম অনিয়মের অভিযোগ
প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ১০:২০:৪৮ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশে চরম অনিয়ম, সাম্প্রদায়িক পক্ষপাত ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল।
নিয়োগের ফলাফল ঘোষণার পর পরই বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। পরে তারা ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
আন্দোলনকারী ছাত্রদল নেতাদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় চরম স্বজনপ্রীতি ও অনিয়ম করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা যোগসাজশ করে তাদের নিজস্ব সম্প্রদায়ের লোকজনকে অগ্রাধিকার দিয়েছেন। একই সাথে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাদেরও এ নিয়োগে সুযোগ করে দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
মেধা ও যোগ্যতাকে অবমূল্যায়ন করে ফ্যাসিবাদের সমর্থক ও পছন্দের ব্যক্তিদের সুবিধা দিতেই এই বিতর্কিত ফলাফল তৈরি করা হয়েছে বলে অভিযোগ তাদের।
আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিল করতে হবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় পরীক্ষা গ্রহণ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে তাদের কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কে ইউ এন