মতবিনিময় সভা অনুষ্ঠিত
দিরাইয়ে শান্তি-সম্প্রীতি ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা
প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ১০:২৩:৩৬ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের দিরাইয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ আগস্ট) সকালে ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিত দাসের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন দিরাই পিএফজি সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের একে কুদরত পাশা। সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান নিশ্চিত করা এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সংগঠনটি ভূমিকা রাখছে। বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে শান্তি ও সম্প্রীতি জোরদার করতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় বক্তব্য দেন ধল পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীন ইসলাম, ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাস, দিরাই পিএফজির সদস্য সৈদুর রহমান তালুকদার, জুয়েল আহমেদ ও রুপিয়া বেগম, ওয়েভ সদস্য ফরিদা বেগম এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর লিপিকা বিশ্বাস, ইমন, ইউসুফ খান, রিয়াজুল ইসলাম, দূরপতি, তাকমিনা, সিস্মিতা, জয়শ্রী প্রমুখ। সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
কে ইউ এন