প্রকাশিত

১৬/০৮/২০২৬ ০৭:১৪:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ভবন নির্মাণে সিউকের অনুমোদন বাধ্যতামূলক, গণবিজ্ঞপ্তি জারি

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৭:১৪:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় পরিকল্পিত উন্নয়ন, সুশৃঙ্খল নগরায়ণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এ লক্ষ্যে ভূমি মালিক, ভবন নির্মাণকারী, আবাসন প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।

রোববার (১৬ আগস্ট) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি ব্যবহারের ছাড়পত্র, ভবন নির্মাণের নকশা অনুমোদন এবং জলাধার খনন বা পুনঃখননের আবেদন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, ইমারত নির্মাণ আইন ১৯৫২, ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ অনুসরণ করে কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ভূমি জরিপ, মাটি পরীক্ষা, ইমারতের স্থাপত্য, কাঠামো, বৈদ্যুতিক ও প্লাম্বিং নকশা প্রণয়ন এবং নির্মাণকাজের সুপারভিশনের জন্য সিউকের তালিকাভুক্ত কারিগরি ব্যক্তি-স্থপতি, প্রকৌশলী বা নকশাকারকের মাধ্যমে নকশা তৈরি করে আবেদন করতে হবে।

রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট রিয়েল এস্টেট ডেভেলপারকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষে নিবন্ধিত হতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ, সম্প্রসারণ বা পরিবর্তন করা যাবে না। একই সঙ্গে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করতে হবে।

এ ছাড়া অবৈধ দখল, ভরাট বা পরিবেশের ক্ষতি হয়-এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা নেওয়ার কথাও বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইন বা বিধিমালা লঙ্ঘন করে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩-এর ৫৪ ধারার উল্লেখ করে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার পর এর অধীন বিষয়গুলোতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে করা কার্যক্রম অকার্যকর ও অননুমোদিত হিসেবে গণ্য হবে।

সবার সহযোগিতায় একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য সিলেট গড়ে তোলাই তাদের লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে