প্রকাশিত

১৭/০৮/২০২৬ ০৮:০১:৪৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

পুলিশের টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

গোয়াইনঘাটে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৮:০১:৪৬ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের গোয়াইনঘাট-সালুটিকর সড়কের লেংগুড়া ইউনিয়নে ছতি গ্রামের প্রধান সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পালিয়ে যায় তারা।

রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লেংগুড়া ইউনিয়নের ছতি গ্রামে গোয়াইনঘাট - সালুটিকর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের ওপর গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ধারণা করা হচ্ছে, পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতির উদ্দেশ্যেই গাছ ফেলা হয়েছিল। এ সময় পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে না গিয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে।

পরিস্থিতি মোকাবিলায় টহলরত পুলিশ সদস্যরা গোয়াইনঘাট থানায় খবর দেন। পরে থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, এত বড় একটি ঘটনা ঘটলেও ওই সময় আশপাশের গ্রামের মানুষ কেন এগিয়ে আসেননি। রাতের বেলায় গুরুত্বপূর্ণ সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই ফয়েজ আহমেদ জানান, ডাকাতির প্রস্তুতি হিসেবে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


কে ইউ এন