আহত ১: ১৩ লাখ টাকার মালামাল লুট
জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৭:৩২:০২ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে এক সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত এ তাণ্ডব চালায়। ডাকাতদের হামলায় আব্দুল মন্নান গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত পৌনে ৩টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত প্রথমে বাড়ির মূল কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে ঘরের ভেতরের আরও দুটি দরজা ভেঙে তারা কক্ষে ঢুকে পড়ে। ডাকাত দলের প্রায় সাতজন সদস্য ঘরের ভেতরে তাণ্ডব চালায় এবং বাকি সদস্যরা বাইরে পাহারায় থাকে।
ডাকাতেরা ঘরে প্রবেশ করেই গৃহকর্তা আব্দুল মন্নান ও তাঁর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তাঁদের এলোপাতাড়ি মারধর করে ঘরের আলমারি ও ওয়ারড্রব ভেঙে তল্লাশি চালায়। ডাকাত দল ৫ ভরি স্বর্ণালংকার, ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন, অন্যান্য গহনা এবং নগদ ১ লাখ টাকাসহ আনুমানিক ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
কে ইউ এন