প্রকাশিত

১৮/০৮/২০২৬ ০৭:৪০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

বিআরটিএ অনুমোদন ছাড়া এসি বাসকে স্লিপারে রূপান্তর; ফের চললে জব্দ ও ডাম্পিং

সিলেটে অননুমোদিত স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান, ৫ পরিবহণকে জরিমানা

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৭:৪০:০০ অপরাহ্ন

ছবি: সিলেটের হুমায়ুন চত্বরের বিভিন্ন স্লিপার বাস কাউন্টারে জেলা প্রশাসন ও বিআরটিএর অভিযান।

সিলেটের হুমায়ুন চত্বরের বিভিন্ন স্লিপার বাস কাউন্টারে অভিযান চালিয়েছে বিআরটিএ ও জেলা প্রশাসন। অনুমোদন ছাড়া এসি বাসকে স্লিপারে রূপান্তর করে পরিচালনার দায়ে পাঁচ পরিবহণকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। তাঁর সঙ্গে ছিলেন সিলেট বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) আবদুর রশিদ।

সিলেট বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) আবদুর রশিদ জানান, বিআরটিএ সদর কার্যালয় ও সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সড়ক ও মহাসড়কে চলাচলরত অননুমোদিত স্লিপার বাসসহ অন্যান্য আইন লঙ্ঘনকারী মোটরযানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে স্লিপার বাস পরিচালনার অপরাধে লন্ডন এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, প্যারাডাইস এক্সপ্রেস, ইম্পিরিয়াল এক্সপ্রেস ও বেঙ্গল পরিবহণকে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিআরটিএর এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে অর্থদণ্ড দেওয়া হচ্ছে। এরপরও সংশ্লিষ্ট বাস রাস্তায় চলাচল করলে বাস জব্দসহ ডাম্পিং করা হবে।

শুভ প্রতিদিন/এমকে