প্রকাশিত

১৮/০৮/২০২৬ ০৯:৩৪:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে হচ্ছে বিআরটিএর বহুমুখী কেন্দ্র, অধিগ্রহণ করা ৩.৬৯ একর জমি হস্তান্তর

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৯:৩৪:০০ অপরাহ্ন

ছবি: সিলেটে বিআরটিএর বহুমুখী কেন্দ্র স্থাপনের জন্য অধিগ্রহণ করা জমি হস্তান্তর করা হচ্ছে।

সিলেটে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) বহুমুখী কেন্দ্র স্থাপনের উদ্যোগ অবশেষে বাস্তবায়নের পথে এগিয়েছে। অধিগ্রহণ করা ৩ দশমিক ৬৯ একর জমি বিআরটিএর কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।


মঙ্গলবার (১৮ আগস্ট) অধিগ্রহণ করা জমির দখল সিলেট বিআরটিএর কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। এ সময় বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) আবদুর রশিদের কাছে জমি বুঝিয়ে দেওয়া হয়।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের পালপুর পূর্ব মৌজায় ‘বিআরটিএ অফিস কাম মোটরযান চালনা পরীক্ষণ, প্রশিক্ষণ ও বহুমুখী কেন্দ্র স্থাপন’ প্রকল্পের আওতায় ৩ দশমিক ৬৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমিটির এলএ মামলা নম্বর ০৯/২০২৫-২৬।


বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে সিলেট বিআরটিএর নিজস্ব জায়গা না থাকায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম অস্থায়ীভাবে বিভিন্ন স্থানে পরিচালনা করতে হচ্ছে। তবে বহুমুখী কেন্দ্রটি স্থাপিত হলে এক জায়গা থেকেই এসব সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এদিকে বিআরটিএর নিজস্ব জায়গায় সব সেবা একত্র করার লক্ষ্যে ২০১৭ সালে প্রাথমিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে নানা কারণে এতদিন প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।


সিলেট বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) আবদুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ করা যাচ্ছিল না। আমি যোগদানের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কাজটি সম্পন্ন করার উদ্যোগ নিই।


তিনি বলেন, তারই ধারাবাহিকতায় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ ও দখল হস্তান্তরের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। এর ফলে সিলেটে আধুনিক মোটরযান চালনা, পরীক্ষণ, প্রশিক্ষণ ও বিআরটিএর সেবা কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হওয়ার পথ সুগম হলো।


এখন শিগ্‌গির সেখানে ভবন নির্মাণসহ বাকি কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুভ প্রতিদিন/এমকে