কুলাউড়ায়
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু
প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ১০:১৮:০৯ অপরাহ্ন
ছবি: ।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রেনাটা লিমিটেডের ওষুধ বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় সঞ্জয় নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কের বরমচাল পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। নিহতের সহকর্মী খোরশেদ আলম জানান, ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরের দিকে ফেরার পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা সঞ্জয়ও আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে। আসাদুজ্জামান বিবাহিত ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কুলাউড়ায় বসবাস করতেন। এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। জানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কে ইউ এন