চা শ্রমিক পরিবারের এসএসসি উত্তীর্ণদের কৃতী সম্মাননা
প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০২:৪০:০৯ অপরাহ্ন
ছবি: ।
‘চা বাগানের গর্ব যারা, সম্মাননা পাবে তারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিএম জগিং ক্লাব আয়োজিত চা শ্রমিক পরিবারের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কৃতী সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে মালনিছড়া চা বাগানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এখানে বসে থাকা শিশুদের মধ্যে কার কী প্রতিভা রয়েছে, তা কেউ বলতে পারে না। একসময় তাদের মধ্য থেকেই কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যবসায়ী, চাকরিজীবী, জিএম বা ম্যানেজার হতে পারে।
তিনি মা-বাবার উদ্দেশে বলেন, সন্তানদের সুশিক্ষিত ও মানুষ হিসেবে গড়ে তুলতে তারা যে কষ্ট করেছেন, আগামী দিনে সেই কষ্ট তাদের করতে হবে না। কারণ সন্তানরা নিজেদের পথ নিজেরাই বেছে নেবে।
তিনি বলেন, সন্তানদের সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র, সমাজ ও বাগান কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন।
রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, এসডিএম জগিং ক্লাবের সদস্যরা শুধু হাঁটাহাঁটি বা জগিং করেন না, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই ক্লাবটি গঠন করা হয়েছে। সমাজের অবহেলিত, দুস্থ, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করা হয়।
তিনি ক্লাবের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চা বাগানের যারা স্কুল ও কলেজে পড়াশোনা করছে, তাদের পাশে থাকার পাশাপাশি এই অবহেলিত জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
শুভ প্রতিদিন/এমকে