উদ্ধার চুরি যাওয়া মালামাল
দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার
প্রকাশিত: ২১/০৮/২০২৬ ০৪:২৫:২১ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে আবাসিক হোটেলে অবস্থান করে চুরির অভিযোগে মো. সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও ব্যাগসহ হোটেল থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রুনেল সিলেট জেলার ওসমানীনগর থানার পূর্ব ব্রাহ্মনগাঁও এলাকার মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, গত ১৫ আগস্ট দুপুর আনুমানিক ৩টা ১২ মিনিটে রুনেল নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরে তাকে ২০৩ নম্বর কক্ষ বরাদ্দ দেওয়া হয়। হোটেল কর্তৃপক্ষ জানায়, অবস্থানকালে রুনেল বিভিন্ন সময় হোটেলের বাইরে যাতায়াত করতেন। এ সময় তাকে প্রায়ই বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরতে দেখা যায়।
পুলিশের দাবি, গত ২০ আগস্ট বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরা অবস্থায় এবং বিজিবির পোশাকের কাপড় দিয়ে তৈরি একটি ব্যাগ নিয়ে রুনেল হোটেল থেকে বের হন। এ সময় হোটেলকর্মী কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বাইরে কাজ আছে এবং কাজ শেষে ফিরে আসবেন বলে জানান। এরপর ২০৩ নম্বর কক্ষের চাবি হোটেলকর্মী ওবায়দুর মিয়ার কাছে রেখে চলে যান।
পরে ব্যাগ নিয়ে তার চলে যাওয়ার বিষয়টি হোটেল ম্যানেজারের সন্দেহ হলে তিনি হোটেলকর্মীকে সঙ্গে নিয়ে কক্ষটি খুলে দেখেন। এ সময় কক্ষ থেকে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের একটি আয়না, একটি বেসিন সেলফ ও একটি তোয়ালে পাওয়া যায়নি বলে হোটেল কর্তৃপক্ষ জানায়।
বিষয়টি হোটেল মালিক শাহ জাকারিয়া চৌধুরীকে জানানো হলে তিনি সাক্ষী মো. আব্দুল কাইয়ুমকে সঙ্গে নিয়ে ছাতক থানার জাউয়া বাজার এলাকা থেকে রুনেলকে আটক করেন। পরে তাকে দিরাই থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রুনেল নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দেওয়ার কথা এবং সরকারি কর্মচারীর পোশাক পরার কথা স্বীকার করেন। একই সঙ্গে হোটেলের কক্ষ থেকে টেলিভিশন, আয়না, বেসিন সেলফ ও তোয়ালে চুরির কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া মালামাল শনাক্ত করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করছিলেন। তার কাছ থেকে বিজিবির পোশাক ও লোগোযুক্ত ব্যাগসহ হোটেল থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কে ইউ এন