মাদক
দোয়ারাবাজারে ৯২ বোতল অফিসার চয়েজ মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৭:২৬:৫৪ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯২ বোতল ভারতীয় ‘অফিসার চয়েজ’ মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬৪ হাজার ৪০০ টাকা। রোববার (২৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ৭ নম্বর লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর এলাকার বিল্লাল মেকারের বাড়ির সংলগ্ন কাঁচা রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—দোয়ারাবাজার উপজেলার ৭ নম্বর লক্ষীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে ফয়জুর রহমান (২৩) এবং সুনামগঞ্জ সদর উপজেলার দর্পগ্রাম (বায়ানগাঁও) এলাকার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মো. আল আমিন (২৫)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মো. আঃ ছালাম ও এসআই মুহিব উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংকেত দিয়ে ওই দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৯২ বোতল অফিসার চয়েজ মদ জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ কাজ করছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কে ইউ এন