সড়ক দুর্ঘটনা
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু
প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৭:৩০:৫৭ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি ৯ ভাই-বোনের মধ্যে তৃতীয় এবং গত দুই-তিন বছর ধরে গাজীপুরে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। সাম্প্রতিক ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন উজ্জ্বল। পথিমধ্যে ডাবর পয়েন্ট পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বড় বোন শামীমা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পেশাগত পরিচয়ের বাইরে নিহত উজ্জ্বল হোসেন একজন সক্রিয় সামাজিক কর্মী ছিলেন। তিনি জামালগঞ্জের একটি স্থানীয় রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা এবং এলাকায় দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের রক্ত সরবরাহসহ বিভিন্ন মানবিক কাজের সাথে জড়িত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের নিকটাত্মীয়দের উপস্থিতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কে ইউ এন