প্রকাশিত

২৪/০৮/২০২৬ ০৭:৩৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপি

কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা,

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০৭:৩৩:০০ অপরাহ্ন

ছবি: ।

মৌলভীবাজারের কুলাউড়া শহরকে যানজট, অবৈধ পার্কিং ও বিভিন্ন অনিয়মমুক্ত করে সুন্দর ও সুশৃঙ্খল শহর গড়ে তুলতে প্রশাসনের চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। একই সঙ্গে অভিযানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে, এমনকি দলের কোনো ব্যক্তি জড়িত থাকলেও, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


সোমবার (২৪ আগস্ট) সকালে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে এমপি মো. শওকতুল ইসলাম বলেন, গত সপ্তাহে কুলাউড়া শহরে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার পর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তিনি তীব্র নিন্দা জানান। প্রশাসনের অভিযান জনস্বার্থে পরিচালিত হয় উল্লেখ করে তিনি বলেন, অভিযান চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এমনকি দলের কোনো ব্যক্তি এ ধরনের ঘটনায় জড়িত থাকলেও তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


কুলাউড়া শহরকে যানজটমুক্ত ও সুন্দর রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার পরামর্শ দিয়ে এমপি বলেন, প্রয়োজন হলে মৌলভীবাজার থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে অভিযান পরিচালনা করতে হবে।


সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল মুন্তাজিম, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও প্রভাষক তাহমিনা আক্তার বক্তব্য দেন।


এ ছাড়া সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহজালাল, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহসান উদ্দিন, কমরেড আব্দুল লতিফ, নির্মাল্য মিত্র সুমনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কে ইউ এন