নৌকা উদ্ধার
গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরাসহ নৌকা উদ্ধার
প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৩:২৪:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা উদ্ধার করা হয়েছে। এ সময় নৌকায় থাকা চারজন অজ্ঞাতনামা ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। শনিবার(২৯ আগস্ট)ভোর সোয়া ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে গোয়াইন গ্রামের গোয়াইন নদীতে ভারতীয় জিরা সহ একটি ইঞ্জিন চালিত বারকি নৌকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই মো. মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিওিতে জানতে পারেন, চার ব্যক্তি নৌকাযোগে ভারতীয় জিরা নিয়ে উপজেলার মধ্যে জাফলং থেকে গোয়াইন নদী হয়ে সিলেটের দিকে যাচ্ছেন। খবর পেয়ে সরকারি স্পিডবোট নিয়ে সন্দেহভাজন নৌকাটিকে গোয়াইন এলাকায় গোয়াইন নদীতে ধাওয়া করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠে পালিয়ে যায়।এসময় নৌকাটি তল্লাশি করে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৯৩০ কেজি জিরা ছিল।উদ্ধার করা জিরার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।এসময় জিরা পরিবহনে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, ভারতীয় জিরা সহ একটি ইঞ্জিন চালিত কাঠের বারকি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক ৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত আছে।
এইচ বি বা