প্রকাশিত

৩০/০৮/২০২৬ ০৬:৩৬:৫৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট সদরে শিক্ষকদের নিয়ে উত্তম কৃষি চর্চা বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৬:৩৬:৫৪ অপরাহ্ন

ছবি: ।

সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) উপজেলা পরিষদের পরিচালন বাজেটের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ কুমার পাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত জামিল।

প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা অনুসরণের মাধ্যমে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও লাভজনক ফসল উৎপাদনের বিভিন্ন আধুনিক কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়। একই সঙ্গে কৃষি উৎপাদনে নিরাপদ উপকরণের ব্যবহার, পরিবেশসম্মত চাষাবাদ, ফসলের গুণগত মান নিশ্চিতকরণ এবং উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে পুষ্টিবাগান বা ‘শিখন প্লট’ স্থাপনের ওপর প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এসব শিখন প্লটের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে আগ্রহী করার পাশাপাশি কৃষির ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়।

একটি মেধাবী ও সুস্থ প্রজন্ম গঠনে পরিমিত ও পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীরা হাতে-কলমে জ্ঞান লাভ করতে পারবে বলেও প্রশিক্ষণে অভিমত ব্যক্ত করা হয়।

সিলেট সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিখন প্লট স্থাপনের ক্ষেত্রে উপজেলা কৃষি অফিস প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি ও পরিবেশবান্ধব কৃষি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কৃষির প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে। এর মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।


শুভ প্রতিদিন/এমকে