একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই বছর শিক্ষা জীবনে কাজে লাগাতে পারলে এসএসসির ঘাটতি পূরণ করা সম্ভব বলে উল্লেখ করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী
গোয়াইনঘাট সরকারি কলেজে অভিভাবক সমাবেশ
প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৮:২৫:২৭ অপরাহ্ন
ছবি: ।
একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই বছর শিক্ষা জীবনে কাজে লাগাতে পারলে এসএসসির ঘাটতি পূরণ করা সম্ভব বলে উল্লেখ করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী। তিনি বলেন, এই দুই বছরই হলো আগের ঘাটতি পূরণের বড় সুযোগ। কোনো শিক্ষার্থী যদি এসএসসিতে তুলনামূলক খারাপ ফলাফল করে থাকে, এখন আর সেই ফলাফল পরিবর্তন করার সুযোগ নেই। কিন্তু এসএসসিতে যে ঘাটতি তৈরি হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই বছর ভালোভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা তা অনায়াসেই পূরণ করতে পারে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় গোয়াইনঘাট সরকারি কলেজ কর্তৃক আয়োজিত 'শিক্ষা ও শিক্ষার্থীদের মানোন্নয়ন' বিষয়ক এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও আরও বলেন, ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার—এই দুই বছর যদি তোমরা নিয়মিত পড়াশোনা করো, সময়ের সঠিক ব্যবহার করো এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এসএসসিতে তোমাদের যে ঘাটতি ছিল তা পূরণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
জীবনের সফলতার মূলমন্ত্র তুলে ধরে তিনি আরও বলেন, সফলতার জন্য শুধু ভালো ফলাফলই শেষ কথা নয়; এর জন্য নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও আত্মবিশ্বাস প্রয়োজন। কলেজ জীবনের এই গুরুত্বপূর্ণ সময়কে অবহেলা না করে এবং মোবাইল আসক্তিতে না ভুগে নিজেদের ভবিষ্যৎ গড়ার কাজে মনোযোগী হতে হবে। যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে, তাই সামনের এই একটি বছরকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে।এখানে তুমাদের অনেকের পিতা প্রবাসের অনেক কষ্টার্জিত অর্থ তুমাদের পিছনে ব্যয় করছে।তুমরা ভালোভাবে পড়াশোনা করলে ভালো ফলাফল করলে তাহলেই পিতা-মাতার স্বপ্ন পূরণ হবে এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
সমাবেশে উপস্থিত অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, সন্তানদের শুধু পড়াশোনা বা ফলাফলের জন্য অতিরিক্ত চাপ দেবেন না। বরং তাদের নিয়মিত পড়াশোনা, কলেজে উপস্থিতি, সময় ব্যবস্থাপনা ও মানসিক বিকাশের দিকেও সমান নজর দিন। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে বলেন, বর্তমান সময়ে মোবাইল ও অনলাইন আসক্তি শিক্ষার্থীদের ভবিষ্যতের বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই আসক্তি থেকে দূরে থেকে নিয়মিত কলেজমুখী হওয়া এবং পড়াশোনায় মনোযোগ দেওয়া জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে এবং তাদের সঠিক পথে পরিচালনায় অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব। কলেজের প্রভাষক মো. ইকবাল হোসেন খাঁন ও প্রভাষক আতিকুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফারুক আহমদ, সহকারী অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ এবং আমন্ত্রিত মহিলা ও পুরুষ অভিভাবকবৃন্দ।
উক্ত অভিভাবক সমাবেশে গোয়াইনঘাট সরকারি কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শতাধিক অভিভাবক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সিলেট/তা/১