মাসুককে উদ্দেশ্য করে এমপি পত্নীর হুঁশিয়ারি
‘আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না’
প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০৯:০৭:০৫ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন চৌধুরীর সৎভাই ও দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন এমপি পত্নী পারভিন আক্তার। নিজের ও তাঁর সন্তানদের নিয়ে চরিত্রহনন ও অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে পারভিন আক্তার এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি শুধু নাসির চৌধুরীর সহধর্মিণী নই, আমি তার দুই সন্তানের মা। আমার সন্তান ও আমার চরিত্র নিয়ে প্রতিদিন কথা বলা হচ্ছে। আমার ছবি ব্যবহার করে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি নারী, আমার ইজ্জত নিয়ে আপনারা ছিনিমিনি খেলতে পারবেন না।’
মঈন উদ্দিন চৌধুরী মাসুকের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আপনি একবার আপনার চরিত্রের দিকে তাকান। যাকে দিয়ে আমার বিরুদ্ধে কথা বলান, তার বিষয়ে গত ২৫ বছরের নানা তথ্য ও ভিডিও আমার কাছে আছে। সবকিছুর প্রমাণ আছে। চাইলে গোপনে আপনাকে সেগুলো পাঠাবো। আপনার মতো করে আমি আপনাকে বেইজ্জত করে কিছু বলতে চাই না।’
পারভিন আক্তার বলেন, তারা আল্লাহকে ভয় করেন এবং সম্মানকে গুরুত্ব দেন। সম্মানিত মানুষ কখনো অন্যের সম্মানহানি করেন না বলেও মন্তব্য করেন তিনি।
নিজের ও স্বামীর সম্পত্তি নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সন্তানদের ভবিষ্যৎ ও শেষ সম্বল রক্ষার জন্যই আইনি পদক্ষেপ নিতে হয়েছে। তাদের দাবি, সন্তানদের বাবার পরিচয়ের পাশাপাশি বাবার ঘরও প্রয়োজন।
এ সময় তিনি বলেন, ‘আমরা কারও প্রতিশোধ নিতে চাই না। আমাদের কোনো প্রতিশোধের প্রয়োজন নেই। আপনারা হিংসাত্মক রাজনীতি ছেড়ে আসুন। পারিবারিক বিষয়কে রাজনীতির মধ্যে টেনে আনবেন না।’
বিএনপির অভ্যন্তরীণ বিরোধ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এমপি পত্নী। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর বিএনপি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। এখন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দলকে ধ্বংস করা উচিত নয়।
নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত করে প্রচার করার অভিযোগও করেন পারভিন আক্তার। এসবের প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমি আপনাকে থ্রেট করছি না। কিন্তু আমার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলে আপনারা খেলতে পারবেন না। যতটুকু করেছেন, তার বিচার হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতির মধ্যে রাজনীতি নিয়ে আসেন। আমাকে নিয়ে রাজনীতি করতে চাইলে করুন। জনগণ আমাকে প্রশ্ন করলে আমি জবাব দেব। কিন্তু আমার পরিবার, সন্তান ও চরিত্র নিয়ে অপপ্রচার করবেন না।’
এ সময় দিরাই-শাল্লার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পারভিন আক্তার বলেন, নাসির উদ্দীন চৌধুরীকে সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার মানুষের প্রতি তাঁদের যে ঋণ, তা তিনি ও তাঁর সন্তানরা আজীবন মনে রাখবেন।
উল্লেখ্য, নাসির উদ্দীন চৌধুরীকে ঘিরে তাঁর স্ত্রী পারভিন আক্তার ও সৎভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগ চলে আসছে।
সম্প্রতি সম্পত্তি নিয়ে পারভিন আক্তারের করা একটি মামলায় মঈন উদ্দিন চৌধুরী মাসুকসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। মঈন উদ্দিন মাসুক অবশ্য সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
সিলেট/তা/৩