সিলেটের কোম্পানীগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়
কোম্পানীগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৪০
প্রকাশিত: ১৩/০৯/২০২৬ ০৭:৫৮:৪২ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের কোম্পানীগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। গাছ ক্রয় বিক্রয়ের দেনাপাওনা নিয়ে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি গাড়ি, দোকানপাট ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরগাঁও পূর্ব পাড়া ও নয়াগাঙেরপাড় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত সোয়া ৯ টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়দের ভাষ্য, শনিবার সন্ধ্যায় গাছ ক্রয় বিক্রয়ের দেনাপাওনা নিয়ে টুকেরগাঁও গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে নানু মিয়া সাথে নয়াগাঙেরপাড় গ্রামের কলমন্দর আলীর ছেলে নিজামের তর্কাতর্কি হয়। তর্কাতর্কি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এরপর উভয় গ্রামের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে গ্রামীণ সড়কে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয়পক্ষই টর্চলাইট জ্বালিয়ে দীর্ঘ সময় সংঘর্ষ চালিয়ে যান। এ সময় মোটরসাইকেল, ট্রাক্টর, দোকান ও বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে। এরপর সোয়া ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে রাত সোয়া ৯টার দিকে ১ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় ৪ জন নারীসহ বেশিরভাগই ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।
উপজেলার পশ্চিম ইসলামপুর ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী শুভ প্রতিদিনকে বলেন, সংঘর্ষ থামাতে শুরু থেকেই শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশাকে নিয়ে আপ্রাণ চেষ্টা করেছি। অবশেষে পুলিশের দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়েছে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ শুভ প্রতিদিনকে বলেন, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের লোকজন আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে উভয়পক্ষ একমত হয়েছেন। উভয় গ্রামের লোকজনকে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট বা মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি শুভ প্রতিদিনকে বলেন, দুই গ্রামবাসীর মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে
সিলেট/তা/৮