১০ লাখ টাকার মালামাল লুট
জকিগঞ্জে ওমরাহ যাত্রীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৩:৩৯:৫৮ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে দুই ব্যক্তিকে বেঁধে রেখে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল আকস্মিক বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা মাওলানা কমর উদ্দিন ও সিরাজুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে ডাকাতেরা। পরে ঘরের আলমারি ও বাক্স ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং ৪টি মুঠোফোন লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, সব মিলিয়ে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২২ অক্টোবর মাওলানা কমর উদ্দিন সপরিবারে ওমরাহ পালনে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। ঠিক তার দুই দিন আগে এমন ঘটনায় পুরো পরিবার ও এলাকাবাসী চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছেন।
ভুক্তভোগীরা জানান, ডাকাত দলের সদস্যরা নিজেদের মধ্যে সিলেটি ভাষায় কথা বলছিল। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায় যে, এ ঘটনায় কোনো মামলা করা হলে প্রাণে মেরে ফেলা হবে। এমনকি ডাকাতদের একজন দাবি করে যে, এর আগেও এই বাড়িতে একাধিকবার ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল। যাওয়ার সময় তারা এও বলে যায় যে, লুট হওয়া একটি মুঠোফোন বাড়ির আশপাশেই খুঁজে পাওয়া যাবে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালানো হচ্ছে।
এদিকে, জকিগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি মুনিম আহমদ (যিনি সম্পর্কে মাওলানা কমর উদ্দিনের বড় বোনের দেবর) ক্ষোভ প্রকাশ করে বলেন, "এর আগেও এই বাড়িতে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, যা সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।"
কেএন