দুর্ঘটনার ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
কুলাউড়ায় রংহীন ২৪ স্পিড ব্রেকার
প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৮:২৪:৪৬ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার টু শমশেরনগর সড়কের হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় ২৪টি স্পিড ব্রেকারে রং না থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্পিড ব্রেকারগুলো দূর থেকে স্পষ্ট দেখা না যাওয়ায় যানবাহনের চালক ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে সড়কটি ব্যবহারকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত স্পিড ব্রেকারগুলোতে রং করা ও প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের শুরুর দিকে সড়কটির ওই অংশে স্পিড ব্রেকারগুলো নির্মাণ করা হয়। এর মধ্যে তিনটি বড় ও ২১টি ছোট স্পিড ব্রেকার রয়েছে। তবে নির্মাণের পর সেগুলোতে স্থায়ীভাবে রং করা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কার্যকর ব্যবস্থা না থাকায় বর্তমানে স্পিড ব্রেকারগুলো সহজে শনাক্ত করা যাচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, স্পিড ব্রেকারগুলো দৃশ্যমান না হওয়ায় চালকেরা অনেক সময় আগে থেকে সতর্ক হতে পারেন না। ফলে হঠাৎ স্পিড ব্রেকারের সামনে পড়লে যানবাহনের গতি নিয়ন্ত্রণে সমস্যার সৃষ্টি হয় এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। তাঁদের ভাষ্য, ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এদিকে, সড়কটির পাশেই রয়েছে হিংগাজিয়া উচ্চ বিদ্যালয় ও হিংগাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সড়কটি ব্যবহার করতে হয়। স্পিড ব্রেকারগুলো স্পষ্টভাবে দৃশ্যমান না থাকায় শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এলাকাবাসীর দাবি, শুধু স্পিড ব্রেকার নির্মাণ করলেই হবে না; চালকদের আগাম সতর্ক করতে সেগুলোতে টেকসই ও দৃশ্যমান রং করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক চিহ্ন স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সড়ক উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আশরাফুল হামিদ বলেন, “আমি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি আগে আমার নজরে আসেনি। এখন বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কেএন