মৌলভীবাজারের কুলাউড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য, পানপুঞ্জির গাছ কাটার মামলায় তিনজন, নিয়মিত মামলায় একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত একজন রয়েছেন।
কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতব্বর জানান, উপজেলার আছুরিঘাট এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন বাদে মনসুর এলাকার মৃত ইব্রাহিম আলী প্রকাশ কটর মিয়ার ছেলে মনিরুজ্জামান ওরফে সৈকত মিয়া (৩৫) এবং জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর এলাকার সুরুজ মিয়ার ছেলে রাহেল আহমদ (২৫)।
এ ছাড়া পৃথক অভিযানে অন্যান্য মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেএন