প্রকাশিত

৩১/১০/২০২৬ ০২:২৯:০৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ব সমাবেশ

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০২:২৯:০৭ অপরাহ্ন

ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ব সমাবেশ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্ন চিকিৎসকদের দ্বারা দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সিলেট। 

এই ঘটনার প্রতিবাদে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এক বিশাল ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্বে যতাযত ব্যাবস্থা নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সিলেটবাসীকে সাথে নিয়ে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

 



সমাবেশে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের বর্বরোচিত হামলার ভিডিও ও ছবি ধারণ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। দৈনিক শ্যামল সিলেট ও চ্যানেল এসের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদারকে স্যালাইনের স্ট্যান্ড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এমনকি পরিচয় দেওয়ার পরও এবং গুরুতর আহত অবস্থায় তাদের জরুরি বিভাগ থেকে টিকিট না দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়, যা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত এবং চরম অমানবিকতার বহিঃপ্রকাশ।

বক্তারা আরও অভিযোগ করেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে একশ্রেণীর ইন্টার্ন চিকিৎসক ও বহিরাগত সন্ত্রাসীরা অনিয়ম ও অব্যবস্থাপনার আখড়ায় পরিণত করেছে। সাধারণ রোগী ও তাদের স্বজনদের ওপর প্রতিনিয়ত হয়রানি এবং চিকিৎসাসেবা বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করার সংস্কৃতি বন্ধ করতে হবে।

সমাবেশে সিলেটের বিভিন্ন শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতশত কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জড়িতদের শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

কেএন