জকিগঞ্জে কুশিয়ারার ডাইকে ভয়াবহ ফাটল: ভাঙন আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর
প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০৩:২৪:৪৮ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলার ২ নং বিরশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড়পাথর টুক এলাকায় কুশিয়ারা নদীর ডাইকে আকস্মিক ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। মাত্র একদিনেই ডাইকটি ২ থেকে ৩ হাত নিচে তলিয়ে যাওয়ায় নদীপারের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুততম সময়ে কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাড় ধসে পড়ার কারণে বড়পাথর জায়গিরদারী খালের সম্মুখভাগের ওই এলাকার প্রধান যোগাযোগ সড়কটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।বাড়ির মালিক ও ভুক্তভোগী হেলান আহমদ আকুল আবেদন জানিয়ে বলেন, "আমার ঘরের ঠিক দেওয়ালের পাশ দিয়েই বিরাট ফাটল তৈরি হয়েছে। রাতে আমরা আতঙ্কে ঘরে ঘুমাতে পারছি না। যেকোনো মুহূর্তে আমাদের ঘরটি কুশিয়ারা নদীতে তলিয়ে যেতে পারে। নতুন করে অন্য কোথাও ঘর তৈরি করার মতো কোনো আর্থিক সামর্থ্য আমাদের নেই। স্থানীয় মেম্বারকে বিষয়টি জানিয়েছি, তিনি দেখবেন বলে সান্ত্বনা দিয়েছেন।"
বিরশ্রী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মস্তাক আহমেদ বলেন, "কুশিয়ারার ডাইকের এই ভয়াবহ ফাটলে পুরো এলাকাবাসী আতঙ্কিত। প্রায় ৬ মাস আগে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরো এলাকার ডাইক পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলো, কাজ শুরুর আগেই বড়পাথর টুক এলাকায় এই ধস দেখা দিল। আমি মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি জোর দাবি জানাচ্ছি, আপনারা দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের এই আতঙ্ক থেকে মুক্ত করুন।"
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পাওয়ার সাথে সাথেই বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।বিরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, "বড়পাথর টুক এলাকার কুশিয়ারার ডাইকে ফাটলের বিষয়টি আমি শুনেছি। আজই সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডে রিপোর্ট প্রদান করব, ইনশাআল্লাহ।"
এলাকাবাসীর দাবি, আনুষ্ঠানিকতা বা টালবাহানা নয়; বরং জরুরি ভিত্তিতে বালুভর্তি বস্তা ডাম্পিং বা টেকসই মেরামতের মাধ্যমে কুশিয়ারা নদীর এই ঝুঁকিপূর্ণ ডাইক রক্ষা করা না হলে বড় ধরণের মানবিক বিপর্যয় ঘটতে পারে।
কেএন



